রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের বাজার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টা ৫৩ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। স্থানীয়দের প্রাথমিক চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সম্মিলিতভাবে কাজ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, একটি বইয়ের দোকান থেকেই আগুনের উৎপত্তি হয়। স্থানীয়রা প্রথমেই আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।









