এপ্রিল মাসের বেতন পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রায় পৌনে চার লাখের বেশি এই কর্মীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও এখনো অনুমোদন না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।
জানা গেছে, অনুমোদন পাওয়ার পরই বেতনের তথ্য আইবাস সিস্টেমে আপলোড করা হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে। সবশেষে শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে বেতন জমা হবে।
মাউশির একটি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের বৃহস্পতিবার বেতন পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা। তবে কোনো জটিলতা দেখা দিলে ১০ বা ১১ মে’র মধ্যে বেতন দেওয়া হতে পারে।
প্রতিমাসেই অনলাইন বিল দাখিল, যাচাই-বাছাই এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে বেতন ছাড় করা হয়। এই নিয়মিত প্রক্রিয়ার ওপর নির্ভর করেই বেতন প্রদান সম্পন্ন হয়।









