বলিউডে এখন ‘আলফা মেল’ চরিত্রের জয়জয়কার।হিন্দি সিনেমা হোক বা দক্ষিণী ছবি-পর্দাজুড়ে এখন রাগী, আক্রমণাত্মক, দাপুটে পুরুষ চরিত্রের দাপট।কবীর সিং-এ শাহিদ কাপুর, অ্যানিম্যাল-এ রণবীর কাপুর-এই ধারার চরিত্র দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।সেই তালিকায় নাম জুড়েছে রণবীর সিং-এরও।
এমন আবহেই বি-টাউনে জোর গুঞ্জন, ডন ৩-এ অভিনয়ের সময় রণবীর সিং ছবির চিত্রনাট্যে বড়সড় পরিবর্তন চেয়েছিলেন।তার ইচ্ছা ছিল, ছবিতে আরও কড়া ভাষার সংলাপ, আধুনিক ধাঁচের আগ্রাসী চরিত্রায়ণ এবং রক্তগরম করা অ্যাকশন দৃশ্য রাখা হোক।ক্লাসিক ‘ডন’ নয়-সময়ের সঙ্গে তাল মিলিয়ে এক নতুন ‘আলফা মেল ডন’ তৈরি করতে চেয়েছিলেন রণবীর সিং।
তবে সেই ভাবনায় নাকি একেবারেই সায় দেননি নির্মাতা ফারহান আখতার।তার মতে, ডন সিরিজের নিজস্ব একটা স্টাইল, স্মার্টনেস ও ক্লাস রয়েছে, যা কখনও অতিরিক্ত হিংসা বা আপত্তিকর ভাষার ওপর নির্ভর করেনি।অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান-যারা এই চরিত্রে অভিনয় করেছেন, তাদের ‘ডন’ ছিল ব্যক্তিত্ব, বুদ্ধি আর স্টাইলের প্রতীক।সেই ধারা বজায় রাখতেই অনড় ছিলেন ফারহান।
বিনোদুনিয়ার অন্দরমহল সূত্রের খবর, এই সৃজনশীল মতপার্থক্যই ধীরে ধীরে বড় আকার নেয়।শেষ পর্যন্ত রণবীর সিং নিজেই সরে দাড়িয়েছেন, নাকি রণবীরকে বাদ দেওয়া হয়েছে-তা নিয়ে এখনও ধোয়াশা কাটেনি।তবে বিষয়টি নিয়ে বলিউডে জলঘোলা কম হয়নি।
এদিকে ছবির কাজ থমকে যাওয়ায় ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে।যদিও এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।
তবে একটাই বিষয় স্পষ্ট-ডন ৩ বন্ধ হচ্ছে না।সম্প্রতি ফারহান আখতার ইঙ্গিত দিয়েছেন, নতুন মুখ নিয়ে হলেও ছবির কাজ এগোবে।এখন প্রশ্ন একটাই-রণবীর সিং ছাড়া নতুন ‘ডন’ কে হবেন?সেই উত্তর জানতেই অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।









