যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা গতকাল (বৃহস্পতিবার) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।
তিনি এক ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নির্মম হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহামেদ লিমনের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশগ্রহণ করেন।
লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে আসার কথা রয়েছে। মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে। পথে দুবাই এ ট্রানজিট থাকবে। ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের নিথর দেহ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।









