দক্ষিণ এশিয়ায় ডিজিটাল অর্থনীতি জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগের আওতায় বাংলাদেশ, নেপাল ও ভুটানে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়ানোর সম্ভাবনা যাচাই করা হবে।
চুক্তি অনুযায়ী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। ডিজিটাল আর্থিক সচেতনতা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, এমএসএমই ডিজিটালাইজেশন, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও নীতিগত সহায়তা—এসব খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা এবং ফিনটেক ও সবুজ অর্থায়নে উদ্ভাবনের সুযোগও খতিয়ে দেখা হবে।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, এই সহযোগিতার মাধ্যমে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসা, গ্রামীণ জনগোষ্ঠী ও তরুণরা ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে এবং ডিজিটাল অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে।
অন্যদিকে, দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ জানান, এই অংশীদারত্ব দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠান দুটির মতে, এই সমঝোতা ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের একটি ভিত্তি তৈরি করেছে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে।









