ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান আনুষ্ঠানিকভাবে এই গেজেট প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত ৫০টি আসনের বিপরীতে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দল ও জোটগুলোর মধ্যে আসন বন্টন অনুযায়ী কোনো আসনেই একের অধিক প্রার্থী না থাকায় কোনো ধরনের ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।
প্রকাশিত গেজেট অনুযায়ী, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোটের নির্বাচিত ৩৬ জন নারী সংসদ সদস্যের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী এবং সুলতানা আহমেদের মতো প্রভাবশালী নেত্রীরা। অন্যদিকে, জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মধ্যে নুরুন্নিসা সিদ্দীকা, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিমসহ অন্যান্যরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে জমা দিলেও আদালতের আদেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। মূলত জামায়াত জোটের অন্য প্রার্থী মনিরা শারমিনের সরকারি চাকরির অবসরের মেয়াদ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নুসরাতকে প্রার্থী করা হয়। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাইয়ের পর অবশিষ্ট আসনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।









