আগামীকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন জানিয়েছেন।
আজ(৩০ এপ্রিল) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
মন্ত্রী বলেছেন, গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক।তিনি মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়।বুদ্ধের প্রদর্শিত করুণা, মৈত্রী ও ত্যাগের আদর্শ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধিশালী ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি।
মন্ত্রী মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সকলকে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ-এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।









