কৃষকের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সরকার কার্যকর পদক্ষেপ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড, যা ইতোমধ্যেই বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে সরকার গঠনের পর আমরা দ্রুততার সঙ্গে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। তিনি জানান, কৃষক কার্ড প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি কৃষকের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষক বলতে শুধু ধান চাষিদের বোঝানো নয়, বরং মাছ চাষি, গবাদি পশু পালনকারীসহ সব ধরনের কৃষকই এই উদ্যোগের আওতায় আসবে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে প্রতিটি কৃষকের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নত করা।
বিরোধীদলীয় নেতার কৃষকদের সমস্যার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সবাইকে আশ্বস্ত করতে চান যে সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শুনেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কৃষকবান্ধব নীতি গ্রহণ করা হয়েছে।
তারেক রহমান বলেন, কৃষকের ভাগ্য পরিবর্তনের যে কাজ এই সংসদ শুরু করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ দেশের কৃষি খাতে একটি বড় পরিবর্তন আনবে।









