মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, এই অঞ্চলে দীর্ঘদিনের অস্থিরতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ফলেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।
খামেনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিদেশি বাহিনী মোতায়েনই অস্থিরতার মূল উৎস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, তিনি বলেন এসব ঘাঁটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যর্থ, ফলে তারা অন্য দেশগুলোর নিরাপত্তা দেবে এমন ধারণা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতির মধ্য দিয়েই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতা তৈরি হচ্ছে। অতীতের মতো এই অঞ্চল বহুবার বিদেশি আগ্রাসনের শিকার হলেও প্রতিরোধ কখনো থেমে থাকেনি বলেও তিনি উল্লেখ করেন।
তার দাবি, সাম্প্রতিক সংঘাতের পর ইরানের জনগণ দৃঢ়তা ও সাহসিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ভবিষ্যতে পারস্য উপসাগর এমন একটি অঞ্চলে পরিণত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকবে না এবং স্থানীয় দেশগুলো নিজেরাই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।









