জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা জানিয়েছেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেছেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময় দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১৮৫৫টি মামলা রুজু হয়েছে। মামলাগুলোর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৭৯৯টি এবং অন্যান্য ধারার অধীনে মামলা রুজু হয়েছে ১ হাজার ৫৬টি। এরইমধ্যে ১৫৮টি (হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য মামলা ১১০টি) মামলায় তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান রয়েছে। এই বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে।
আইনমন্ত্রী বলেছেন, জামিনের বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারাধীন। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপন করে সক্রিয়ভাবে আসামিদের জামিনের বিরোধিতা করছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি এবং ভুক্তভোগী পরিবারগুলোরকে ন্যায়বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।









