আগামী ৪ মে পর্যন্ত দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টির কারণে বন্যার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে শুক্রবার (১ মে) বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোয় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতর পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।
আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, শুক্রবার (১ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।









