আন্তর্জাতিক শ্রমিক দিবসে সারা দেশে সরকারি ছুটি থাকলেও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি না দেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মে দিবসে শিক্ষকদের উপজেলা পর্যায়ের একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
গত ২৯ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ মে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিক্ষকদের দুপুর ২টা থেকে ৩টার মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে হাজিরা দিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য হিসেবে গণ্য হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
শিক্ষকদের অভিযোগ, সরকারি ছুটির দিনে বাধ্যতামূলক উপস্থিতি নির্দেশনা বৈষম্যমূলক এবং শ্রম অধিকারের পরিপন্থী।
চট্টগ্রামের শ্রম আদালতের সিনিয়র আইনজীবী হারুনুর রশীদ রুবেল বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী, মে দিবসে বাধ্যতামূলক ছুটি অথবা বিকল্প ছুটি বা অতিরিক্ত মজুরি দেওয়ার বিধান রয়েছে। এই দিনে অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং শিক্ষকরাও এর বাইরে নন। তা না হলে এটি শ্রম আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে অফিসে এসে তথ্য নেওয়ার পরামর্শ দেন এবং কল কেটে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, উপজেলার খেলাধুলা পরিচালনায় একটি কমিটি রয়েছে। ইউএনও সভাপতি এবং সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকেন। সম্ভবত তারা পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি তাকে আগে জানানো হয়নি।









