ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের ত্রিস্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।এ আয়োজন করে সর্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ।
শুক্রবার (১ মে) সকালে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খবং পড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে।
পরে শোভাযাত্রাটি সেখান থেকে বের হয়ে কোর্ট বিল্ডিং ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়েছে।
এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ হাজারো নারী-পুরুষ বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নিয়েছেন।
শোভাযাত্রা শেষে জনবল বৌদ্ধ বিহারে দেশ, জাতি ও সকল প্রাণীর কল্যাণ কামনায় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিখার দান, স্বধর্ম শ্রবণ এবং পিণ্ডদানসহ নানা ধর্মীয় আচার পালিত হয়।
উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমার এই তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বলে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।









