জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (এনএইচএসপিসি) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আগামী ১৬ মে সারা দেশে আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবে।
চিঠিতে আরও জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।









