ওজন কমাতে চাইলে অনেকে মজাদার খাবারের ভিডিও দেখা থেকে নিজেকে দূরে রাখেন।তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য।গবেষকদের মতে, এমন ভিডিও দেখলে কখনও কখনও খাওয়ার ইচ্ছা বরং কমে যেতে পারে।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেন।এতে দেখা গেছে, যারা ডায়েট করেন বা খাবার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, তারা অনলাইনে আকর্ষণীয় খাবারের ভিডিও বেশি দেখলেও পরে বাস্তবে সেই খাবার তুলনামূলক কম খান।
গবেষকদের ধারণা, চোখের মাধ্যমে খাবার দেখেই এক ধরনের মানসিক তৃপ্তি তৈরি হয়।ফলে সেই খাবার খাওয়ার আগ্রহ কিছুটা কমে যেতে পারে।
গবেষণায় বিভিন্ন বয়সের প্রায় ৮৪০ জন অংশ নেন।এক পরীক্ষায় অংশগ্রহণকারীদের চকলেটসহ উচ্চ ক্যালরিযুক্ত খাবারের ভিডিও দেখানো হয়।দেখা যায়, যারা খাদ্য নিয়ন্ত্রণে ছিলেন তারা এসব ভিডিও বেশি সময় দেখলেও পরে সামনে চকলেট দেওয়া হলে অন্যদের তুলনায় কম খেয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মানসিক তৃপ্তির একটি প্রক্রিয়া, যেখানে চোখে দেখেই মনের ক্ষুধা আংশিকভাবে মিটে যায়।এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে।
তবে এই ফল সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে।বিশেষ করে যারা আবেগের বশে বেশি খেয়ে ফেলেন, তাদের ক্ষেত্রে খাবারের ভিডিও উল্টো ক্ষুধা বাড়িয়ে দিতে পারে।
চিকিৎসকদের মতে, কিছু মানুষের জন্য খাবারের ভিডিও সাময়িকভাবে খাওয়ার নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।তবে দীর্ঘমেয়াদে ওজন কমাতে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক নিয়ন্ত্রণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অর্থাৎ, খাবারের ভিডিও সবসময় ক্ষতিকর নয়-সঠিকভাবে ব্যবহার করলে এটি ওজন নিয়ন্ত্রণে অপ্রত্যাশিত সহায়কও হতে পারে।









