১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। এ ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।
সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়াতে সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করেছে। এ বন্ড যেকোনো সময় কেনা ও ভাঙানো যাবে।
আগামীকালের ড্রয়ে দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা পাবেন তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা পাবেন ১০ হাজার টাকা করে।
ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের একই নম্বরের বন্ড সংশ্লিষ্ট পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত (বিক্রির তারিখ গণনা করে, ড্রয়ের দিন বাদ দিয়ে) বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলো এ ড্রয়ের আওতায় থাকবে। এছাড়া আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডে পাওয়া পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত দিনে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।









