আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ড্রেসের পাশাপাশি শিক্ষার্থীরা পাবে পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতাও।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ ঘোষণা দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা হবে। পরে ধাপে ধাপে সব উপজেলার শিক্ষার্থীদের কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই উদ্যোগের আওতায় আনা হবে।
তিনি জানিয়েছেন, এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও বিভিন্ন পরিমাণে সহায়তা দেবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে। এ কার্যক্রম আরও সম্প্রসারণে ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, সব ছাত্রের জন্য একই ধরনের পোশাক এবং সব ছাত্রীর জন্য একই ধরনের পোশাক, ব্যাগ ও জুতা নির্ধারণ করা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী চান, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষও যেন এ উদ্যোগে অংশ নিয়ে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করেন।









