রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ড্রোন ও বিভিন্ন সরঞ্জামসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে ডিবি রমনা বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদসংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে আটক করা হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, কয়েকটি স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম, পাশাপাশি বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংগঠিত হচ্ছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









