দেশব্যাপী ক্রীড়া কার্যক্রমে নতুন গতি আনতে আগামী ২ মে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলাতেও আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান।
জাতীয় পর্যায়ের এই বড় আয়োজনকে ঘিরে ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি। আর এর প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলের সূচিতেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের নির্ধারিত লিগ সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
২ মে মাঠ ব্যবহারের সুযোগ না থাকায় ২ ও ৩ মে’র নির্ধারিত বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এসব ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ১ মে।
পরিবর্তিত সূচিতে ১৫তম রাউন্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচও এগিয়ে এসেছে। কুমিল্লায় স্বাগতিক মোহামেডানের বিপক্ষে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ম্যাচ এবং রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের লড়াই, যা ১ মে হওয়ার কথা ছিল, তা এখন অনুষ্ঠিত হবে একদিন আগে।
এছাড়া ৩ মে’র নির্ধারিত ম্যাচগুলোও এগিয়ে এনে ২ মে’র আগেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।









