দেশে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত পাউবোর বন্যা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার চেয়ে ৮২ সেন্টিমিটার বেশি প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপরে রয়েছে।
এদিকে মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবন এবং বন্যার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।









