ভারী বর্ষণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান জলাবদ্ধতা সমস্যা তুলে ধরে সমাধানের আহ্বান জানানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, গতকাল থেকে সংবাদমাধ্যমে তিনি দেখেছেন অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের বড় একটি অংশ জলাবদ্ধতার শিকার হয়েছে। এটি শুধু চট্টগ্রামের নয়, বর্ষাকালে দেশের বিভিন্ন অঞ্চলেরই সাধারণ সমস্যা বলেও উল্লেখ করেছেন তিনি।
তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতীতে খাল খননের যে উদ্যোগ নিয়েছিলেন, সেই ধরনের কার্যক্রমই জলাবদ্ধতা নিরসনে কার্যকর হতে পারে। সরকার ইতোমধ্যে দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
এছাড়া ঢাকার বিভিন্ন লেক ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, নগরবাসীকেও সচেতন হতে হবে। প্লাস্টিক ও পলিথিন ফেলে যেন নালা-নর্দমা বন্ধ না করা হয়, সে বিষয়ে জনগণকে সচেতন করতে সংসদ সদস্যদেরও আহ্বান জানিয়েছেন তিনি।
শেষে চট্টগ্রাম শহরের বাসিন্দাদের কাছে সৃষ্ট দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।









