ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ঘোষিত ৪৯ প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তাদের সবাই যাচ্ছেন সংসদে।
বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। তিনি বলেন, কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে।
মো. মঈন উদ্দীন খান বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)।
এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটের ১২ জন বৈধ প্রার্থীর ও স্বতন্ত্রদের জোটের এক বৈধ প্রার্থী; মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে।
বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোটের একমাত্র বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।
এদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আদালতের নির্দেশনা পাওয়ার পর সেটির বাছাই কার্যক্রমও শুরু করেছে নির্বাচন কমিশন।









