নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে দুর্দান্ত জয় পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে এসেছে নতুন সুখবর। ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ র্যাংকিংয়ে বড় অগ্রগতি অর্জন করেছেন দলের একাধিক তারকা ক্রিকেটার।
সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের পেস আক্রমণ ছিল একেবারেই বিধ্বংসী। নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান এই তিন পেসার মিলে সিরিজে মোট ১৮টি উইকেট তুলে নিয়েছেন।
এর মধ্যে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে এখন ৪৮তম স্থানে উঠে এসেছেন। শরীফুল ইসলাম ৫ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে, মাত্র একটি ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ব্যাটিং বিভাগেও ছিল বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি। সিরিজে দুই দলের একমাত্র শতরানকারী নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২তম স্থানে অবস্থান করছেন। এছাড়া একটি অর্ধশতকসহ ৩ ম্যাচে ১২৯ রান করা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠে এসেছেন।
অলরাউন্ডারদের তালিকায়ও সুখবর রয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অবদান রেখে ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার রেটিং ২৭৫, যা মোহাম্মদ নবী-এর সমান।
এই তালিকার শীর্ষে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৩২৯), আর দ্বিতীয় স্থানে আছেন সিকান্দার রাজা (২৭৬)।
বাংলাদেশ দলের এই সম্মিলিত পারফরম্যান্স প্রমাণ করে, তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাচ্ছে।









