রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য জানান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার আসামিকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমন ও ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ২৩ এপ্রিল একই মামলায় আফজাল নাছেরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৭ এপ্রিল আরও তিন দিনের রিমান্ড দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে ওইদিন বিকেল ৪টার দিকে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তায় পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।
গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।









