মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় দেড় মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি ১৪ দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সাময়িক এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ বিরতিকে অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সংঘাতে জড়িত সব পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে এমনটাই আশা করছে বাংলাদেশ। একই সঙ্গে স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।
অস্ত্রবিরতির সূচনা ও বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সব পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসাও করেছে সরকার।
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং তা-ই হওয়া উচিত।









