বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এ মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর প্রকৃত অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই।
এর জবাবে প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে দেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছেন। কাউন্সিলরদের ওপর চাপ প্রয়োগ এবং একটি রিট পেন্ডিং থাকা অবস্থায় একতরফাভাবে বোর্ড গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নিরসন আইন বিল উত্থাপনের সময়ও আপত্তি জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে বিরোধী মত দমন, ভিকটিম ব্লেমিং এবং গুম-খুনের বৈধতা দেওয়ার মতো কাজে ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনকে যদি মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়, তাহলে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত কার্যক্রম তদন্তে এর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে আমরা একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি তাহলে নিরপেক্ষ কোনো অনুসন্ধান আমরা কতটুকু পাবো তা নিয়ে সন্দিহান।
আমরা যদি এই বিলকে বাস্তবায়ন করতে চাই তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই অবশ্যই অটোনোমাস (স্বায়ত্তশাসিত) প্রতিষ্ঠান করতে হবে।









