তীব্র গরমের পর রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা কমার আভাসও মিলেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে আবহাওয়া আগের তুলনায় কিছুটা পরিবর্তন হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় রূপ নিতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিলো প্রায় ৮০ শতাংশ। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।









