জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
শনিবার (১৮ এপ্রিল) তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।
দলীয় সূত্র জানায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পান প্রীতি। পরবর্তীতে একই বছরের ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদেও যুক্ত হন তিনি। দলের তরুণ নেতৃত্বের মধ্যে সম্ভাবনাময় মুখ হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল।
তবে শনিবার দুপুরে এনসিপির জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে রাখা হলে বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে প্রীতি বলেন, আমি অনেক দিন ধরেই দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। নতুন কমিটিতে নিজের নাম দেখে সত্যিই অবাক হয়েছি। বিষয়টি জানার পরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই তরুণ নেত্রী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এনসিপির মনোনয়নও পেয়েছিলেন। তবে পরে ১১ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন মাওলানা রফিকুল ইসলাম খানের কাছে গেলে তিনি ধীরে ধীরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেন।
পদত্যাগপত্রে প্রীতি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির সঙ্গে বর্তমান কার্যক্রমের অমিল থাকায় তার পক্ষে দলে সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তার এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









