ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বলে দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি তাকে গ্রেফতার করার ও দাবি জানান এনসিপির এই আহ্বায়ক।
শুক্রবার (১৩ মার্চ) এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
অভিযোগ তুলে এ সংসদ সদস্য বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক অভিযোগ ও সমালোচনা থাকা স্বত্বেও সংসদকে সম্মান জানিয়ে সেখানে গিয়েছিলাম। বৃহস্পতিবার সংসদে আমরা খুব আন্তরিকতার সঙ্গে পার্টিসিপ্যান্ট করলেও দেখা গেলো ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্খার ভিত্তিতে যে সংসদ- সে সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হলো।
নাহিদ ইসলাম জানান, স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। সেই বক্তব্য যেনো আমাদের দিতে দেওয়া হয়। কিন্তু আমাদের বাদ দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। ফলস্বরূপ আমরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে চলে এসেছি। আমরা আহ্বান জানাবো- অতি দ্রুত এই ফ্যাসিস্ট- দোষর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতার করতে হবে। কারণ, তিনি শপথ ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন।
ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনাদের এলাকার সন্তান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্নয়ক ছিলেন। তার বাড়িতে (ময়মনসিংহের ধোবাউড়া) আগুন লাগিয়ে দিয়ে ফ্যাসিস্ট বাহিনীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ এমন একটি দল- যারা গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রস এবং দাঙ্গা- হাঙ্গামা করে রাজনীতিতে সবসময় টিকে থাকতে চেয়েছিল। তাদেরকে ৫ আগস্ট পরাজিত ও প্রতিহত করেছিল দেশের জনগণ।
ইফতার পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।









