ইতালিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা সমস্যা সমাধানের দায়িত্ব এখন পুরোপুরি ইতালির হাতে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (০৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালির বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। কিছু ত্রুটি আমাদেরও আছে, সেটা স্বীকার করা উচিত। প্রায় ৬০ হাজার মানুষের কাগজপত্র জমা পড়েছে, যার অনেকগুলোই যথাযথ নয়। ইতালিয়ান কর্তৃপক্ষ সেটি চিহ্নিত করেছে।
তিনি আরও বলেন, ইতালির পক্ষ থেকে বলা হয়েছে, যাচাই না করে তারা কোনো ভিসা ইস্যু করবে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের কাগজপত্র নিয়ে অনেক সময় আন্তর্জাতিক পর্যায়ে সন্দেহ তৈরি হয় এবং সেটি সবসময় ভিত্তিহীন নয়।
ভিসা পেন্ডিং থাকা বাংলাদেশিদের প্রতি সহানুভূতি জানিয়ে উপদেষ্টা বলেন, আমি জানি, অনেক সঠিক মানুষও ভোগান্তিতে পড়েছেন। কিন্তু কিছু বেঠিকের কারণে সবাইকে যাচাই-বাছাইয়ের মধ্যে পড়তে হচ্ছে। আন্দোলনের মাধ্যমে এর সমাধান হবে না। আমরা ইতালিকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছি সমস্যার সমাধানে।
ভারতীয় ভিসা প্রসঙ্গে
সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরও বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন তৌহিদ হোসেন।
তিনি বলেন, ভিসা হচ্ছে একটি দেশের সম্পূর্ণ স্বাধিকারভুক্ত বিষয়। আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। আমরা জানি, ভিসা না দেয়ার ফলে কলকাতার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ভারত যদি আবার স্বাভাবিকভাবে ভিসা দেয়, সেটা উভয় দেশের স্বার্থেই ভালো হবে।
উপদেষ্টা আরও জানান, যদি ভারত ভিসা না দেয়, তবে মানুষ বিকল্প খুঁজবে এবং যাচ্ছে। সেই দিকটিতে আমরা সহায়তা করবো যাতে মানুষ সমস্যায় না পড়ে।









