দিন দিন বাড়তে থাকা বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা যায়, তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যার একিউআই স্কোর ২৬০—যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৯৯), তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৮৫), চতুর্থে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৪) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি (১৫৯) রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন। শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।









