বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জামায়াতসহ বিএনপি জুলাই সনদে সই করে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় এসেই তারা জাতির কাছে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এক স্কুল মাঠে বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে আয়োজিত গণসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, ক্ষমতায় এসেই জাতির কাছে দেওয়া সব থেকে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৫ কোটি মানুষের গণভোটের রায় বাতিলের জন্য উনারা পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করেছেন।
তিনি মন্তব্য করেন, এখনও তো এক মাস, আরও তো পাঁচ বছর বাকি। আরও কত বেঈমানি, বিশ্বাসঘাতকতা করবেন, আল্লাহই ভালো জানেন।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কথা মনে করিয়ে দিয়ে জামায়াতের এই নেতা জানান, আপনারও যদি ক্ষমতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের দিকে আবার ধাবিত হন, তাহলে আপনাদেরকেও সেই পরিণতির কথা মনে রাখতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে। সরকার বলছে সংকট নেই, কিন্তু বাস্তবে পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। জ্বালানির অভাবে সামনে বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।









