প্রশাসনিক কাঠামোয় নতুন গতি আনতে দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত এবং মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ এবং নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়াকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে মেহেরপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম ও গতিশীলতা আনার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে সেবা প্রদান আরও কার্যকর ও জনবান্ধব করতে ভূমিকা রাখবেন।









