চলতি ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীরা উপভোগ করতে যাচ্ছেন টানা তিন দিনের ছুটি। বছরের শেষ দিকে দুটি সাধারণ ছুটি বাকি আছে—১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। এর মধ্যে বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। ফলে সরকারি কর্মজীবীদের জন্য তৈরি হয়েছে টানা তিন দিনের বিশ্রামের সুযোগ।
সরকারি ছুটির এ ধারাবাহিকতা চলতি বছরের পরিকল্পনা অনুযায়ী হলেও আগামী বছরের ছুটির তালিকাও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদ গত ৬ অক্টোবর বিকালে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।
প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় নির্বাহী আদেশ এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কর্মজীবীদের জন্য কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।
সরকারি ছুটির এই পরিকল্পনা কর্মজীবীদের দীর্ঘমেয়াদি কাজের সময়সূচি ও ব্যক্তিগত পরিকল্পনায় স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









