শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের স্থগিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতেই ফলাফল ঘোষণা করেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বেসরকারি ফল অনুযায়ী, রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। আর কাঁচি প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। ফলে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন রুবেল।
এই আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি, বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে।
গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এই আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। ১২৮টি কেন্দ্রের ৭৫১টি বুথে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
পোস্টাল ব্যালটে আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন; ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে। কিছু জায়গায় জাল ভোটের চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সার্বিকভাবে ৫২ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে।
তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতীর শান্তিপূর্ণ ভোটারদের ধন্যবাদ জানান।









