রাতারাতি সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আমরা মূলত মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা গ্রহণ করেছি।’
আসন্ন বর্ষা ও বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামী বর্ষা ও বন্যা মোকাবিলায় কী ধরনের আগাম পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি। বিশেষ করে নদী ভাঙনপ্রবণ এলাকাগুলোতে দ্রুত ও কার্যকরভাবে কী কী কাজ করা যায়, সে বিষয়েও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’
বর্ষায় জলাবদ্ধতার সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। তবে রাতারাতি সব জলাবদ্ধতা দূর করা হয়তো সম্ভব হবে না। তবে সমস্যা সমাধানে আমাদের প্রবল আগ্রহ, আন্তরিকতা এবং সুনির্দিষ্ট উদ্যোগ রয়েছে।’
এছাড়া আসন্ন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন বলেও তিনি জানান।









