দেশের ২২টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঢাকাসহ চার বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিনও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তাপপ্রবাহ চলমান থাকবে।
ররিবার (৫ এপ্রিল) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, তবে এর মধ্যেও তাপপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।









