সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় বলছে, হামলার কারণে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে এবং ভবনে আগুন ধরেছে।
তবে অবকাঠামোগত ক্ষতিও অত্যন্ত নগণ্য বলে দাবি করেছে মন্ত্রণালয়।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। এতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন, কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে সোমবার, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। এদিকে সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার জেরে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার জোরালো জবাব দেওয়া হবে।
আল-জাজিরার বরাতে জানা গেছে, হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।









