জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অতীতে কোনো ব্যক্তি ছাত্রদল, ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ যে কোনো সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, তা এখন আর মুখ্য নয়। বর্তমানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ যখন এনসিপিতে যোগ দিচ্ছেন, তখন তিনি দলের আদর্শ ধারণ করে একজন সংগঠক ও কর্মী হিসেবে কাজ করবেন।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের দলভুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানান, এনসিপি একটি নীতিনিষ্ঠ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়। তাই ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তি, চাঁদাবাজ কিংবা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এই দলে জায়গা পাবেন না। এসব বিষয়ে দল কোনো আপস করবে না বলেও তিনি ইঙ্গিত দেন।
তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে আগ্রহী তাদের জন্যই এই প্ল্যাটফর্ম উন্মুক্ত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ও চেতনা, সেটিকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা মনে করি তারা আগেও আমাদের সঙ্গেই ছিলেন শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি। তিনি সারাদেশের তরুণ সমাজসহ সব বয়সী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এনসিপির শক্তি বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং দলটির রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে।
নতুন করে কোনো স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা যেন দেশে প্রতিষ্ঠা না পায়, সে জন্য তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায় বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। জনগণের অধিকার জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।









