আসন্ন ২০২৬ সালের হজ উপলক্ষে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী কমিটির সঙ্গে হজ ও উমরা ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজের কার্যক্রম সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। হজযাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
গত বছরের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও একইভাবে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
সভায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন এবং সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া উপস্থাপন করেন।
ধর্মমন্ত্রী এসব সুপারিশ মনোযোগসহকারে শোনেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বিধিবহির্ভূত কোনো কাজ না করার কথাও জানান।
এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।









