গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজা জেলার কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার কমিটির উদ্যোগে আয়োজন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকার জানাজার সময়ের সঙ্গে সমন্বয় করে জয়নগর বাজারে স্থানীয় ব্যবসায়ী, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ একত্রিত হন। পরে বাজার কমিটির ব্যবস্থাপনায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া বিপুলসংখ্যক মুসল্লিও উপস্থিত ছিলেন। মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল শেখ এবং জয়নগর বাজার কমিটির সভাপতি শাজাহান হোসেন জানাজায় উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে একটি শূন্যতার সৃষ্টি হিসেবে বর্ণনা করেন, যা কখনো পূরণ হওয়ার নয়। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।









