সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি নিয়েও শেষ মুহূর্তে বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় এজেন্টের মাধ্যমে স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে।
জানা যায়, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের বিশেষায়িত মেডিকেল জেটটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমতি পেয়েছিল। তবে নির্ধারিত সূচির আগেই প্রতিষ্ঠানটি স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন জমা দেয়।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করে জানান, আবেদনটি গ্রহণ করে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।কাতার সরকারের সহায়তায় এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪—একটি জনপ্রিয় লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট, যা দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম এবং ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী হিসেবে বিবেচিত।
তবে স্লট বাতিলের কারণ সম্পর্কে অপারেটর কিংবা বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।









