চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন এক বিএনপি নেতা ও তার মা। বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন প্রকৌশলী ওসমান (৪২) এবং তার মা আছিয়া বেগম (৭০)। তবে ঘটনার তিন দিন পার হলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২২ মার্চ) রাতে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন।
ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার মা আছিয়া বেগমও হামলার শিকার হন। দুর্বৃত্তদের গুলিতে তিনি দুই পায়ে আহত হন।
এ সময় হামলাকারীরা ওসমানের বাবা রশিদ আহমদকেও মারধর করে আহত করে বলে পরিবার জানিয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় প্রকৌশলী ওসমানকে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
অন্যদিকে তার মা আছিয়া বেগম স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা করা সম্ভব হয়নি। তবে শিগগিরই মামলা দায়ের করা হবে বলে তারা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রকাশ্যে এমন হামলার পরও মামলা না হওয়ায় হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এর দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
তিনি জানান, মামলা দায়ের করা হলে জড়িতদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালানো হবে।









