ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবন্দী থাকা বাউলশিল্পী আবুল সরকার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। একই সঙ্গে আদালত কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না- সে বিষয়ে রুলও জারি করেন।
ঘটনার সূত্রপাত গত বছরের ৪ নভেম্বর। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক লোকজ পালাগানের আসরে অংশ নিয়ে আবুল সরকার ধর্মীয় বিষয়ে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
পরবর্তীতে ১৯ নভেম্বর মাদারীপুরে একটি সাংস্কৃতিক আসর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
এরপর স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানা যায়, জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তার মুক্তি কার্যকর করা হয়।









