ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার মিনাপুর বিওপির সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি ক্যাম্প এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্ব পালনরত বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনা সম্পর্কে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়, এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকা।
তবে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।









