তুরস্কে অনুষ্ঠিতব্য পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এ ফোরাম অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ওই সফরে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালানো হবে।









