ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময়ব্যাপী কূটনৈতিক আলোচনা শেষ হয়েছে।
প্রায় ২১ ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ফিরে যাচ্ছে। এদিকে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের প্রতিনিধি দলের জন্য দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ। পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকেই শুরু হওয়া এই আলোচনা বিরতিহীনভাবে চলে। এ সময় দুই পক্ষের মধ্যে একাধিক বার্তা ও গুরুত্বপূর্ণ দলিল আদান-প্রদান হয়।
বাঘাই জানান, গত ২৪ ঘণ্টার আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পরিস্থিতি, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধজনিত ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও আঞ্চলিক সংঘাতের সম্পূর্ণ অবসান।
তবে আলোচনার ফলাফল নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ইরান। বিবৃতিতে পাকিস্তানকে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়ে বাঘাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে অপর পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। একই সঙ্গে অতিরিক্ত দাবি ও অযৌক্তিক শর্ত থেকে বিরত থেকে ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থকে সম্মান জানানোর আহ্বানও জানান তিনি।









