অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি)-এর নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এম-বিল্ডিং’-এর একটি কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসির গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচনের সময় দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার ইনচার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইনসংবলিত একটি হ্যান্ডবুক প্রস্তুতে ইউএনওডিসির সহযোগিতা আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে।
বৈঠকে বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক পুলিশ সংস্কার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতিনির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান।
তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এ সময় ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।









