দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে আমূল সংস্কার, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান জনবল সংকট নিরসনে সরকার কাজ করছে এবং শূন্য পদ দ্রুত পূরণের প্রক্রিয়া চলছে।
বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেচেন তিনি।
মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষায় নকলের ধরন পরিবর্তিত হয়ে ডিজিটাল রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইন আধুনিকায়ন করা হচ্ছে এবং নকলের সংজ্ঞা বিস্তৃত করে সব ধরনের অনিয়মকে এর আওতায় আনা হচ্ছে। পরীক্ষা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ এবং পরীক্ষকদের কাজের মান যাচাইয়ের উদ্যোগ নেয়া হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে ক্লাসরুম পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটরিং আরও জোরদার করা হবে।
তিনি বলেছেন, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমসহ সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।
তিনি আরও বলেছেন, ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, কারিকুলাম আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকার অগ্রাধিকার দেবে।









