ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফার সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। দেশটির দুটি উচ্চপর্যায়ের সূত্রকে উদ্ধৃত করে তুরস্কের আনাদোলু এজেন্সি এবং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের এক সূত্র আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, “আমরা মঙ্গলবার থেকে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছি। মূলত নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করার দিকে জোর দেওয়া হচ্ছে।”
সূত্রের বরাতে আরও জানা গেছে, বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরও এই প্রস্তুতির অংশ ছিল।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিনের যুদ্ধ চলার পর, ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এই শান্তি প্রক্রিয়ার প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।
বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধি। তবে টানা ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
ইসলামাবাদে প্রথম সংলাপ ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফার সংলাপের পরিকল্পনা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইরান দু’পক্ষই জানিয়েছেন, তারা দ্বিতীয় দফার সংলাপে অংশগ্রহণ করতে আগ্রহী এবং সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ গ্রহণে কোনো আপত্তি নেই।
সেই অনুযায়ী, পাকিস্তান থেকে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।









